রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত আব্দুর রহমান (৫৫) শ্যামবাজার কাঁচাবাজারের মালিক সমিতির সাবেক সভাপতি। তিনি পেশায় একজন হলুদ ব্যাবসায়ী ছিলেন। তিনি শ্যামবাজার এলাকারই বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পথচারীরা মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ আব্দুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে দুপুর বারোটার দিকে আব্দুর রহমান নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানা যায়, নয়ন নামের এক যুবক নিহতকে গুলি করে পালিয়ে গেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। বিস্তারিত জানতে কাজ চলছে।’


