আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, তৃণমূলের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। আর এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে পারলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। জনগণকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকদের কাজ করতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসকদেরকে সরকারের কর্মসূচি বাস্তবায়নে কাজ করতে হবে।
তিনি বলেন, বিগত বছরগুলোতে স্থানীয় সরকার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সরকার পর্যায়েও ব্যাপক দুর্নীতি হয়েছে। এলজিআরডি মন্ত্রণালয় থেকে এসব দুর্নীতির তদন্ত হবে, একই সঙ্গে ভবিষ্যতে যেন আর দুর্নীতি না হয় সেটাও দেখা হবে বলে জানান মির্জা ফখরুল।


