অস্ট্রেলিয়ার ‘ইউনিভার্সিটি অব ক্যানবেরা’র একটি শাখা ক্যাম্পাস সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশে স্থাপনের আগ্রহ প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আট সদস্যের একটি প্রতিনিধিদল এই প্রস্তাব তুলে ধরে।
জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাসান উজ জামানের নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্যানবেরার ভাইস চ্যান্সেলর ও প্রেসিডেন্ট বিল শর্টেন, ডেপুটি ভাইস চ্যান্সেলর মাইকেল লিংকন, চিফ গ্লোবাল এনগেজমেন্ট অফিসার ফিওনা রিচার্ডস এবং মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাছান।
ইউজিসির পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক মো. সাইদুর রহমান, অধ্যাপক মাছুমা হাবিব ও অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম।
সভায় প্রতিনিধিদলটি জানিয়েছে, শাখা ক্যাম্পাস স্থাপিত হলে বাংলাদেশি শিক্ষার্থীরা দেশেই বিশ্বমানের উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে।
ইউজিসি চেয়ারম্যান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সহায়ক হবে।’ তিনি বিদ্যমান বিধি-বিধানের আলোকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
হাসান উজ জামান বলেন, ‘এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা মানসম্পন্ন উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন।’
বিল শর্টেন উল্লেখ করেন, শাখা ক্যাম্পাস স্থাপনের মাধ্যমে এদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষায় প্রবেশের সুযোগ পাবে এবং এ ক্ষেত্রে ইউনিভার্সিটি অব ক্যানবেরা তাদের একাডেমিক ও প্রশাসনিক মানদণ্ড বজায় রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেবে।
বৈঠকে উভয় পক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডাটা ও মেশিন লার্নিংয়ের মতো আধুনিক বিষয়গুলো শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া, একাডেমিক বিনিময় ও গবেষণা সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে ইউজিসির পরিচালক সুলতান মাহমুদ ভূঁইয়া ও জেসমিন পারভিনসহ সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


