নারায়ণগঞ্জে র্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আহত র্যাব সদস্যদের উদ্ধার করে বাহিনীর অন্য সদস্যরা।
আহতদের মধ্যে গুরুতর আহত উপপরিদর্শক নজিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাহী ও ইব্রাহীম নামের আহত দুই সদস্যকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, দুপুরে বোয়ালিয়া খালে লিচুবাগ এলাকায় র্যাবের কয়েকজন সদস্য সাদা পোশাকে মাদক কারবারী আসামির সন্ধানে গেলে তাদের উপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে। এসময় র্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়।
তিনি জানান, দুর্বৃত্তদের ধরতে ঘটনাস্থলে অভিযান চলছে।
এদিকে জেলার রূপগঞ্জ উপজেলাতে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনার পর সকালে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে।
রূপগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র থেকে মাদক ও অস্ত্রসহ মাদক কারবারী শামীম মিয়াকে আটক করে পুলিশের একটি দল। এসময় শামীমের অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে শামীমকে ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশের আরেকটি দল গিয়ে আক্রান্ত পুলিশ সদস্যদের উদ্ধার করে। তবে পালিয়ে যায় শামীম মিয়া।
পুলিশ জানায়, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম চুরি, ডাকাতি হত্যাসহ অন্তত ১২টি মামলার আসামি।


