এক দিনের সফরে কক্সবাজারে প্রধানমন্ত্রী

এক দিনের সফরে কক্সবাজারে প্রধানমন্ত্রী
Advertisement
Advertisement

এক দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান।

সফরে খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।

সফরের শুরুতে প্রধানমন্ত্রী কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী এলাকায় যান। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং স্থানীয় জনগণের উদ্দেশে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেবেন।

পরে তিনি চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। সেখানে মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আরও পড়ুন

দুপুরের পর প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলার উদ্দেশে রওনা হবেন। সেখানে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এ কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বিকাল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এক রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভায় সরকারের উন্নয়ন কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখার কথা রয়েছে।

এরপর তিনি মেরিন ড্রাইভ সড়ক ও কক্সবাজার সমুদ্রসৈকত পরিদর্শন করবেন। সন্ধ্যায় লং বিচ হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন এবং সেখান থেকে ঢাকায় ফিরবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কক্সবাজারে প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রস্তুতি নিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad