বিভিন্ন কর্মসূচি পালনের লক্ষ্যে এক দিনের সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
বুধবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারেক রহমান।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে বিমানবন্দর ও আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দর ও সড়কপথের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
তারেক রহমান তার সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
এ ছাড়া বিকালে শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। কর্মসূচি শেষে বিকাল পৌনে ৬টায় সিলেটের উদ্দেশে রওনা হয়ে রাত সাড়ে ৮টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২ মে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফর করেন তারেক রহমান। তবে এবারের সফরে সিলেট জেলায় তার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি। পুরো সফরসূচিই কেন্দ্রীভূত রয়েছে মৌলভীবাজারে।


