একটি মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে তিনি একথা বলেন। এই জনসভার মধ্য দিয়ে তিনি তার আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন।
তিনি বলেন, ‘বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে, দেশেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। তবে ২০২৪ এর জুলাই প্রমাণ করে দিয়েছে, দেশের মানুষ একত্রিত থাকলে কোনও ষড়যন্ত্রই কাজে আসবে না।’
জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কাবা শরিফের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, গ্রহ-নক্ষত্রের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ সেটার টিকিট দেওয়ার মানে তারা দেশের মানুষকে নির্বাচনের আগেই ঠকাচ্ছে।’
তিনি বলেন, ‘যেটার অধিকার আল্লাহর, সেটা “দিব” বলা মানে তো শিরক করা। তারা শিরক করছে, সবাইকে শিরক করাচ্ছে। এসব হঠকারিদের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘তারা বলছে, “অমুককে দেখেছেন, অমুককে দেখেছেন। এবার অমুককে দেখুন।” মুক্তিযুদ্ধের সময়ই তো তাদের দেখে নিয়েছে দেশবাসী।’
আওয়ামী লীগ শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সময়ে উন্নয়নের নামে লুটপাট করা করা হয়েছে। ক্ষমতায় গেলে দেশের নারী সমাজ, যুব সমাজকে বিএনপি সাবলম্বী করে তুলতে চায় বলেও জানান তিনি।
বুধবার রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান ও তার সফরসঙ্গীরা।
আলিয়া মাদ্রাসার জনসভা শেষে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী পৌর এলাকার সংলগ্ন স্থান এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।
এসব কর্মসূচি শেষে বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান।


