গাজীপুরের টঙ্গীতে বিএনপির সমাবেশে যাওয়ার প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১৮ জন কর্মী-সমর্থক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকাল ৪টার দিকে টঙ্গীর সেনাকল্যাণ গার্মেন্টসের সামনে একটি ক্লাবঘরে এ ঘটনা ঘটে।
গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থক মো. রবিউল ইসলাম জানান, টঙ্গীর চেরাগআলী এলাকায় প্রার্থী রনির সমাবেশে যোগ দিতে স্থানীয় নেতাকর্মীরা সেনাকল্যাণ মার্কেট এলাকায় জড়ো হন। তাদের নেতা সুমন সরকারের অনুসারীরাও সেখানে উপস্থিত ছিলেন। সমাবেশে নেওয়ার জন্য আগে থেকেই একটি ক্লাবঘরে গ্যাসভর্তি বেলুন প্রস্তুত করে রাখা হয়েছিল।
রওনা হওয়ার আগে কর্মী-সমর্থকরা ক্লাবঘর থেকে বেলুন বের করতে গেলে তাড়াহুড়ার মধ্যে কয়েকটি বেলুন বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ধরে যায় এবং ঘরের ভেতরে থাকা ব্যক্তিদের হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।
দগ্ধদের কয়েকজন জানান, ক্লাবঘরে রাখা বেলুনগুলো যে গ্যাসভর্তি ছিল তা তারা জানতেন না। তারা ধারণা করেছিলেন, সেগুলো ডেকোরেশনের জন্য সাধারণ বেলুন। তাড়াহুড়োর সময় বেলুন ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, টঙ্গীর ঘটনায় মোট ২১ জন রোগী ইনস্টিটিউটে এসেছেন। এদের বয়স ১১ থেকে ৩৮ বছর পর্যন্ত। তাদের শরীরে ১ থেকে ১২ শতাংশ পুড়েছে। এদের মধ্যে তিনজনকে অবজারভেশনে রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কারও শ্বাসনালী দগ্ধ হয়নি। সবাই শঙ্কামুক্ত।


