প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে আগামী মাসের মাঝামাঝি সময়ে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে সরকারি জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ডেবিট কার্ড ইস্যু করা হবে।
শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রবাসী কার্ড বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
তিনি জানান, প্রবাসী কার্ডে প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা যুক্ত থাকবে। এর মাধ্যমে প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান, ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
উপ-প্রেস সচিব বলেন, নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে সরকার এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বাস্তবায়নের কাজ শুরু করেছে। এর ধারাবাহিকতায় প্রবাসী কার্ড চালু করা হচ্ছে।
তিনি জানান, প্রবাসী কার্ডধারীরা দেশে-বিদেশে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন সুবিধা, মিট অ্যান্ড গ্রিট সেবা, বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়সহ বিভিন্ন সুবিধা পাবেন।
এ ছাড়া কার্ডের মাধ্যমে দেশে-বিদেশে গাড়ি বুকিং, বিমানবন্দর পিক অ্যান্ড ড্রপ সেবা, সরকারি হাসপাতালে বিশেষ সেবা বুথ, বেসরকারি হাসপাতালে ডিসকাউন্ট সুবিধা, প্রবাসীর মৃত্যুতে বিনা খরচে মরদেহ পরিবহন, পুনর্বাসন ও বীমা সুবিধা দেওয়া হবে।
প্রবাসী কার্ডের আওতায় জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি, লাইসেন্স ও বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার সুবিধা থাকবে। পাশাপাশি রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা এবং কার্ডের মাধ্যমে সরাসরি অর্থ পাঠানোর সুবিধাও যুক্ত করা হবে।

সভায় সিদ্ধান্ত হয়, পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পর ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কার্ডসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হবে।
এ ছাড়া জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে সময়োপযোগী ও আধুনিক করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশ্বের বিভিন্ন দেশে থাকা সব বাংলাদেশি প্রবাসী যেন এই কার্ডের আওতায় আসতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সভায় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ সচিব মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


