উজানের ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার তিনটি বিষয়ের নতুন তারিখ ঘোষণা করেছে বোর্ড কর্তৃপক্ষ। আগামী ১২ আগস্ট সকাল ১০টায় এসব বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার বিষয়গুলো হলো- পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র।
এই তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১০ জুলাই। তবে তার আগের দিন দেশের উত্তর ও মধ্যাঞ্চলের সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলেও বন্যার প্রভাব পড়ায় এবং কুমিল্লা ও আশপাশের এলাকায় পরীক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কায় বোর্ড তা স্থগিত ঘোষণা করে।
রোববার কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামছুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে পরীক্ষার নতুন দিন ও সময় ঘোষণা করা হয়।
চিঠিতে বলা হয়, ‘১২ আগস্ট সকাল ১০টায় পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র ও অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে এবং পরীক্ষার্থীদের পূর্ববর্তী প্রবেশপত্র ব্যবহার করতে হবে।’
দেশজুড়ে বন্যার কারণে গত কয়েক বছরে এইচএসসি পরীক্ষায় সময়সূচি পরিবর্তনের ঘটনা নতুন নয়। তবে একাধিক বিষয়ে একসঙ্গে পরীক্ষা স্থগিত ও পুনঃনির্ধারণ এ বছর প্রথম।


