আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
শনিবার দুপুরে নির্বাচনী সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যমের জন্য ‘ইসির বিধিমালার বিভিন্ন দিক’ নিয়ে অংশীজনের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকদের প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নেওয়ার বিষয়টি পুনঃবিবেচনায় নেওয়া দরকার। কারণ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।’
‘অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে চায়। তাই ইসির উচিত সাংবাদিকদের সঙ্গে বসা। ভোটকেন্দ্র ও ভোটকক্ষের পার্থক্য বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। এটি সরকারের বক্তব্য নয়, আমার ব্যক্তিগত মতামত’ বলেও জানান তিনি।
উপদেষ্টা বলেন, ২০০৮ সালের পর বহু ভোটার ভোট দিতে পারেননি। অনেক তরুণ জানেনই না ভোট কীভাবে দিতে হবে। মেজোরিটি ভোটারদের বাদ দিয়ে একজন দেশ পরিচালনা করেছেন। এতে শুধু আওয়ামী লীগ নয়, দেশের সবার দায় রয়েছে।


