এবারের ঈদে শাকিব খান অভিনীত একমাত্র ছবি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। আবু হায়াত মাহমুদ পরিচালিত ছবিটি মুক্তির আগে যতটা আশা জাগিয়েছিল দর্শক মনে, মুক্তির পরে তা ধরে রাখতে পারেনি। এমনকি স্টার সিনেপ্লেক্সসহ দেশের সাধারণ সিনেমা হলগুলোতেও প্রথম কয়েকদিন ছবিটির প্রিন্ট নিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়েছেন প্রযোজক। এত জটিলতার পরেও ছবিটি দেশের হলে এখনও চলছে।
এর মধ্যেই খবর হচ্ছে ছবিটি শনিবার (১৮ এপ্রিল) ও সোমবার (২০ এপ্রিল) ইতালির ভেনিস ও রোম শহরের দুটি সিনেমা হলে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সামাজিক মাধ্যমে জানিয়েছে, ইতালিতে শুরু হচ্ছে ‘প্রিন্স’ এর আপডেট ভার্সন। প্রযোজনা সংস্থাটি আরও জানিয়েছে, কিছু কারেকশনের মাধ্যমে সিনেমাটির ডিজিটাল ফাইল নতুন করে সংস্করণ করা হয়েছে।
দেশে মুক্তির সময় সাউন্ড, কালার ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যে অভিযোগ ছিল, উন্নত সংস্করণে সেসব জটিলতা কাটিয়ে আরও নিখুঁতভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলেও জানানো হয়।
অ্যাকশন ঘরানার সিনেমাটি নব্বই দশকের ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে নির্মিত। সিনেমার প্রধান চরিত্রে শাকিব খানকে একজন প্রতাপশালী গ্যাংস্টার হিসেবে দেখা গেছে।
শাকিবের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন রাশেদ মামুন অপু ও ইন্তেখাব দিনারসহ একঝাঁক তারকা।


