ঢাকার খিলক্ষেত এলাকায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম চন্দন দাস (৫০), পেশায় মাছ ব্যবসায়ী।
বুধবার বেলা ১২টার দিকে তিনশ ফিট রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত চন্দনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে তার সঙ্গে থাকা নজরুল ইসলাম জানান, চন্দন দাস খিলক্ষেতের কুর্মিটোলা স্কুলের পিছনে থাকেন। তিনি খিলক্ষেত রেলগেটে মাছ বিক্রি করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভেরবনগর গ্রামে। বাবার নাম সুরেশ চন্দ দাস।
ঘটনার বর্ণনায় নজরুল জানান, খিলক্ষেত কুড়াতলি এলাকায় চন্দন একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে তিনশ ফিট রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির মাইক্রোবাসটি তাকে ধাক্কা দেয়৷
পরে স্থানীয়দের সহায়তায় ওই মাইক্রোবাসেই করেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার পর হাসপাতালে আসেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার আফজালুর রহমান সায়েম। তিনি জানান, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৬-এ জুলাই স্মৃতি ফাউন্ডেশন দুইটি প্যাভিলিয়ন আছে।
প্রতিদিন মাইক্রোবাসে করে তাদের কর্যালয় থেকে স্টাফদের মেলায় পৌঁছে দিয়ে আসা এবং পরবর্তীতে নিয়ে আসা হয়। সকালে স্টাফদের মেলায় পৌঁছে দিয়ে গাড়িটি কার্যালয়ে ফিরছিল। পথে এক্সপ্রেসওয়েতে চন্দন দাস রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে।
চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। খিলক্ষেত থানা পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করছে।


