ঢাকার আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি চায়ের দোকানের সামনে ফেলে যাওয়া ব্যাগ থেকে প্রেশার কুকারের ভেতরে তৈরি একটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে বোমাটি নিষ্ক্রিয় করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে চারাবাগ এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে সন্দেহজনক ব্যাগটি উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে।
সিটিটিসির ক্রাইম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, এক ব্যক্তি রাতে দোকানে এসে ৫০০ টাকার নোট ভাঙাতে চান। দোকানদার ভাঙতি না থাকায় তিনি কিছুক্ষণের জন্য ব্যাগটি রেখে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যান। এক ঘণ্টারও বেশি সময় পর ব্যাগটি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা সেটি খুলে স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে রাত প্রায় ৩টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে। পরে শুক্রবার ভোরে পাশের একটি খালি মাঠে বোমাটি নিস্ক্রিয় করে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
সিটিটিসি সূত্রে জানা যায় বোমাটি একটি প্রেশার কুকারের ভেতরে প্রচুর সংখ্যক বিয়ারিংয়ের বল ও রাসায়নিক পদার্থ ব্যবহার করে তৈরি করা হয়েছিল এবং এটি যথেষ্ট শক্তিশালী ছিল। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের কম্পনে পাশের একটি সীমানা দেওয়াল ধসে পড়ে।
ঘটনাটির অধিকতর তদন্ত করে বোমা ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।


