সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে বুধবার রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার ঝাউডুবি এলাকার সিয়াম ইসরাফিল (১৯), আশুলিয়ার সিন্দুরিয়া এলাকার ইসমাইল হোসেন লিমন (২০), যশোর জেলার কোতোয়ালী থানার স্টেডিয়াম পাড়া এলাকার ইউসুফ আলী (১৯) ও আশুলিয়ার ডেন্ডাবর নতুন পাড়া এলাকার মো: নুর হাসান ইনু (২৩)।
বর্তমানে সিয়াম ও ইউসুফ আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় ভাড়া বাসায় থাকত বলে জানা যায়। তারা ৪ জনই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতা। সম্প্রতি সাভার আশুলিয়ায় বিভিন্ন সড়ক মহাসড়কে তারা ঝটিকা মিছিলে অংশ নেয় বলে ভিডিও ফুটেজ রয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে ছাত্রলীগের ৪ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত সময়ে ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও সমাবেশে তাদেরকে দেখা গিয়েছে। তারা সবাই ছাত্রলীগের সক্রিয় নেতা।
মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আটক ছাত্রলীগ কর্মীদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে কারাগারে পাঠায়।


