কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে পারভিন আক্তার (২৫) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী ও শাশুড়িকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে পারভিন আক্তারের সঙ্গে তার স্বামী মো. আব্দুল আলমের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বামী তার স্ত্রীর গলায় আঘাত করলে পারভিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে সকাল ৯টার দিকে স্বামী আব্দুল আলম ও তার মা মরিয়ম বেগম তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পারভিন আক্তার পাগলির বিল এলাকার আব্দুল গফুরের মেয়ে।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ঘটনার তদন্ত শুরু করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের স্বামী ও শাশুড়িকে তাৎক্ষণিকভাবে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


