পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন পরিচালক ও তৃণমূল নেতা রাজ চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তির কথা জানান তিনি।
বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজ চক্রবর্তী। তবে তিনি ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী কুস্তাভ বাগচির কাছে পরাজিত হন।
গত ৪ মে ভোট গণনার শেষ দিকে গণনা কেন্দ্র থেকে বের হওয়ার সময় অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন এই নির্মাতা। উপস্থিত কিছু মানুষ তাকে উদ্দেশ করে ‘চোর’ বলে কটূক্তি করেন এবং কাদা ছুড়ে মারেন বলেও অভিযোগ ওঠে। যদিও পুরো ঘটনায় কোনো প্রতিক্রিয়া না জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই জনসমক্ষে আর দেখা যায়নি রাজ চক্রবর্তীকে। অবশেষে নীরবতা ভেঙে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অবস্থান জানান ‘বোঝে না সে বোঝে না’খ্যাত এই পরিচালক।
পোস্টে তিনি লেখেন, ‘জীবনে যখনই কোনো দায়িত্ব পেয়েছি, নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেছি। একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। কখনো জিতেছি, কখনো হেরেছি।’
রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে তিনি আরও লেখেন, ‘২০২১ সালে আমার রাজনৈতিক জীবনে পদার্পণ। মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। গত পাঁচ বছর বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। ২০২৬-এ এসে সেই অধ্যায়ের সমাপ্তি হলো। এর সঙ্গে শেষ হলো আমার রাজনৈতিক পথচলা।’
পরাজয় এবং ভোট গণনা কেন্দ্রের ঘটনার পর মানসিকভাবে কঠিন সময় পার করছেন রাজ চক্রবর্তী—এমনটাই মনে করছেন অনেকে। রাজনৈতিক অঙ্গনের কঠোর বাস্তবতার মুখোমুখি হয়ে তিনি যে ভীষণভাবে আঘাত পেয়েছেন, তা তার বক্তব্যেও স্পষ্ট।
এদিকে এই কঠিন সময়ে স্বামীর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্টে সেই ইঙ্গিতই মিলেছে।


