রাজধানীর আগারগাঁওয়ে শিল্পী বেগম (৪০) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোরে নির্বাচন কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত নারীর স্বামী আব্দুল হকের ভাষ্যমতে, তার মা শেরেবাংলা নগরের নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার খরচ মেটানোর জন্য তিনি স্ত্রী শিল্পীকে কাফরুলের বাসা থেকে টাকা নিয়ে আসতে বলেন। শিল্পী একটি রিকশায় করে টাকা ও মোবাইল ফোন নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছিলেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, নির্বাচন কার্যালয়ের সামনের রাস্তায় ৫ থেকে ৬ জন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা শিল্পীর হাত, পা ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ও ফোন নিয়ে পালিয়ে যায়।
শিল্পী প্রথমে নিউরোসায়েন্স হাসপাতালে যান এবং পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত এক নারী হাসপাতালে এসেছিলেন। চিকিৎসা শেষে তিনি চলে গেছেন। তার কাছ থেকে ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।


