আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি-আপত্তি নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সূচি নির্ধারণ করে মাঠপর্যায়ে নির্দেশনা পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সব উপজেলা, থানা ও নিবন্ধন কর্মকর্তার কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী ভোটার হওয়ার যোগ্যতা অর্জনের তারিখ ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করেছে কমিশন।
এ অনুযায়ী, যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার আগে এবং ৩১ জুলাই পর্যন্ত ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের নাম হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
সময়সূচি অনুযায়ী, হালনাগাদ খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত এবং মাঠপর্যায়ে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে পাঠানোর শেষ তারিখ ৪ আগস্ট। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ আগস্ট। দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেয়া যাবে ২৪ আগস্ট পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৭ আগস্ট। সিদ্ধান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার শেষ সময় ২৮ আগস্ট। এরপর ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
চিঠিতে আরও বলা হয়েছে, খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে। ভুল সংশোধনের আবেদন জমা দেওয়ার বিষয়ে মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে-পরে ইমাম ও পুরোহিতের মাধ্যমে ঘোষণা দিতে হবে। স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরের মাধ্যমে বিষয়টি জনস্বার্থে প্রচারের ব্যবস্থাও নিতে হবে।
এ ছাড়া মুদ্রিত খসড়া তালিকায় পুরুষ তালিকায় নারী ভোটার বা নারী তালিকায় পুরুষ ভোটার অন্তর্ভুক্তি, ধর্মসংক্রান্ত ভুল বা অন্য কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ১ হাজার ২৪৩ জন।


