প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মোসা. ফেরদৌসি আক্তার মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ দেওয়া হয়েছে।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি তার ভবিষ্যৎ ক্রীড়া জীবনের খরচ বহনের জন্য একটি স্পন্সরশিপও নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তার নির্দেশেই আমরা মারিয়ার পাশে দাঁড়িয়েছি। মারিয়ার মতো প্রতিভাবান ক্রীড়াবিদদের পর্যায়ক্রমে সহযোগিতা করা হবে।’
দেশে খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে মন্ত্রণালয় ইতিবাচক কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
নারী-পুরুষ নির্বিশেষে সমান অগ্রাধিকার দিয়ে ক্রীড়াঙ্গনে একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
তিনি বলেন, মারিয়ার সাফল্য দেশের পিছিয়ে পড়া নারীদের সামনে এগিয়ে আসতে এবং খেলাধুলায় অংশ নিতে অনুপ্রাণিত করবে।


