কক্সবাজারের রামু উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জেসিও কোয়ার্টার থেকে রাবেয়া আক্তার ফেরদৌসী (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নে অবস্থিত বিজিবি রামু ৩০ ব্যাটালিয়নের জেসিও কোয়ার্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাবেয়া আক্তার ফেরদৌসী ওই ব্যাটালিয়নের জেসিও (জুনিয়র কমিশন্ড অফিসার) মো. বজলুর রশিদের মেয়ে। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে বাবার কোয়ার্টারে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাবেয়া। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ফরিদ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, রাবেয়া গত ছয় মাস ধরে বাবার বাসায় অবস্থান করছিলেন। তার দুটি ছেলেসন্তান রয়েছে এবং স্বামী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’
নাম প্রকাশ না করার শর্তে বিজিবি ৩০ ব্যাটালিয়নের এক কর্মকর্তা বলেন, ‘নিহতের বাবা আমাদের ব্যাটালিয়নে কর্মরত। তার মেয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কারণে মানসিকভাবে ভালো ছিলেন না। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।’
শুক্রবার রাতেই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ তার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার দাফন সম্পন্ন করা হবে।


