ঢাকায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা-পুলিশ।
ডিএমপির লালবাগ, গুলশান, সূত্রাপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, হাজারীবাগ, তুরাগ, চকবাজার, যাত্রাবাড়ী, রামপুরা, উত্তরখান ও বনানী থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে লালবাগ থানা থেকে একজন, গুলশান থানা থেকে দুজন, সূত্রাপুর থানা থেকে তিনজন, মোহাম্মদপুর থানা থেকে চারজন, খিলগাঁও থানা থেকে একজন, হাজারীবাগ থানা থেকে নয়জন, তুরাগ থানা থেকে একজন, চকবাজার থানা থেকে একজন, যাত্রাবাড়ী থানা থেকে পাঁচজন, রামপুরা থানা থেকে একজন, উত্তরখান থানা থেকে একজন এবং বনানী থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
লালবাগ থানা সূত্রে জানা গেছে, সোমবার অভিযান চালিয়ে জাহিদ হাসান ইমন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানা পুলিশ একই দিনে অভিযান পরিচালনা করে মো. মনির হোসেন (৩০) ও মো. সোহেল (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল এবং ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
সূত্রাপুর থানা পুলিশ সাইফুল ইসলাম ওরফে রুবেল (৪৪), সম্রাট (২৬) ও মো. আহাদ আহাম্মেদ (২২) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে।
মোহাম্মদপুর থানা পুলিশ ফিরোজ (২২), কাকুলি আক্তার (৩১), নাজমা আক্তার (৪০) ও মুক্তা আক্তার (২৫) নামে চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড, ককটেল সাদৃশ্য ১১টি বস্তু, নয় কেজি গান পাউডার এবং ১২৫ গ্রাম রাসায়নিক সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।
খিলগাঁও থানা পুলিশ সামছুল ইসলাম ওরফে সুজন (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
হাজারীবাগ থানা পুলিশ দিনব্যাপী অভিযানে নয়জনকে গ্রেপ্তার করে। তারা হলেন মো. ওয়াসিম (৩২), মো. জাহাঙ্গীর আলম (৩০), মো. কবির হোসেন (২৮), মো. ইমন (২৬), মো. মনির (৩২), মো. রাজু (৩৩), সাইজুদ্দিন সাজু (৪৮), মো. হাবিবুর রহমান (৪৪) ও মো. শামিম শেখ (৩৬)।
তুরাগ থানা পুলিশ মো. সোয়েব হোসেন ওরফে ভাগনে মুন্না (৫৪) নামে একজনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। চকবাজার থানা পুলিশ মো. মামুন (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
যাত্রাবাড়ী থানা পুলিশ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করে। তারা হলেন মো. আরিফ (২৬), মো. আরিফ (২২), মো. খোকন (৪২), মো. সোহেল (৩৫) ও মোছা. শিউলি আক্তার (২৭)।
রামপুরা থানা পুলিশ তাসলিমা বেগম জাহানারা (৪৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে। উত্তরখান থানা পুলিশ ফারুক মিয়া (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করে। বনানী থানা পুলিশ বিপ্লব মজুমদার শাওন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার সকলকে আদালতে পাঠানো হয়েছে।


