গ্রাহক শ্রেণির ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে নতুন ট্যারিফ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে এই অনুরোধ জানানো হয়।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানির বিভিন্ন গ্রাহকশ্রেণির বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের ওপর গণশুনানি করে বিদ্যুতের পাইকারি (বাল্ক), সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়।
বিইআরসির পুনর্নির্ধারিত ট্যারিফে প্রান্তিক (লাইফ লাইন) গ্রাহকদের জন্য প্রস্তাবিত ট্যারিফের প্রতিফলন ঘটেনি। বিদ্যুৎ বিভাগ মনে করে এর ফলে প্রান্তিক গ্রাহকগণ (লাইফলাইন) বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর বিদ্যুৎ খাতে ব্যয় অনেক বেড়ে যাবে, ফলে তাদের জীবনযাত্রার উপর বিরুপ প্রভাব পড়তে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জীবন যাত্রার মান বৃদ্ধি করার জন্য বর্তমান সরকার সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে। ফলে প্রান্তিক গ্রাহকগণ (লাইফলাইন) এর জন্য পুনঃনির্ধারিত ট্যারিফ সরকারের গৃহীত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ পরিপ্রেক্ষিতে পুনঃনির্ধারিত ট্যারিফ পর্যালোচনা করে প্রান্তিক গ্রাহকদের (লাইফলাইন) জন্য বুধবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রস্তাবের আলোকে পুনঃনির্ধারনের জন্য অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ অনুরোধ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশা করে বিদ্যুৎ বিভাগ।


