অপহরণের তিন দিন পর এক তরুণীকে উদ্ধার করেছে কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ। এসময় তরুণীকে অপহরণ, ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
কক্সবাজার সদর উপজেলার শহরতলীর মেরিন ড্রাইভের একটি ভাড়া বাসা থেকে শুক্রবা ওই তরুণীকে উদ্ধার করা হয়। এছাড়া ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের একাধিক স্থানে অভিযান চালিয়ে অপহরণে জড়িতদের গ্রেপ্তার করা হয়। গত ৩ মার্চ ওই তরুণীকে অপহরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের আতিক উল্লাহ (২১), ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বটতলী পাড়ার ছৈয়দুল করিম (২২) ও একই ইউনিয়নের খোনখার খিলের মোহাম্মদ মোতাহের হোসেন (২১)।
অভিযানে নেতৃত্ব দেওয়া ঈদগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, ঘটনার পর অপহৃত তরুণীর মায়ের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগী ও জড়িতদের উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।
তিনি দাবি করেন, গ্রেপ্তারের পর তাদের স্বীকারোক্তি থেকে লুণ্ঠিত স্বর্ণালংকারও উদ্ধার করা হয়। উদ্ধারের পর ওই তরুণীর মায়ের করা এজাহারের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ সকালে জালালাবাদ ইউনিয়নের পূর্ব মোহনভিলার নিজ বাড়ির সামনে থেকে অপহৃত হন ওই তরুণী। এরপর তাকে কক্সবাজার সদরের মেরিন ড্রাইভ সংলগ্ন একটি অজ্ঞাত ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণ করে আসামিরা। এ সময় তারা ভুক্তভোগীর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ও আরও টাকা আদায় করতে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার সাংবাদিকদের জানান, গ্রেপ্তার হওয়া আসামীদের শনিবার আদালতে সোপর্দ করা হবে।


