গুম ও ক্রসফায়ারের পৃথক দুই মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তারেক সাঈদ মোহাম্মদকে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১০ আগস্ট তাদের আদালতে হাজির করতে বলা হয়েছে।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।
প্রসিকিউটর শাইখ মাহদী জানান, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরের তিন বিএনপি নেতা আব্দুল মান্নান, জহিরুল ইসলাম সুমন, আসাদুজ্জামান বাবুলকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়।
এ ছাড়া ২০১৩ সালের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামের দুই বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু এবং হুমায়ুন কবির পারভেজকে গুম করা হয়।
এই দুই মামলার তদন্ত চলছে। তদন্ত চলা অবস্থায় এই দুই কর্মকর্তাকে এ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশনা চাওয়া হয়। তারই ধারাবাহিকতায় আদালত তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়।


