নাবিকদের ভিসা জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ নৌমন্ত্রীর

নাবিকদের ভিসা জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ নৌমন্ত্রীর
জাতীয় মেরিটাইম কাউন্সিলের প্রথম সভায় সভাপতির বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, মঙ্গলবার। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বাংলাদেশি নাবিকদের সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে ভিসা, ট্রানজিট ও ক্রু পরিবর্তন সংক্রান্ত বিদ্যমান জটিলতা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘জাতীয় মেরিটাইম কাউন্সিল’-এর প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক শিপিং খাতে বাংলাদেশি নাবিকদের কর্মসংস্থান বাড়ানো এবং তাদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা জাতীয় স্বার্থের সঙ্গে সম্পৃক্ত। এ লক্ষ্যে প্রয়োজনে কমিটি গঠন করে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও জোরদার করতে হবে।

সভায় নাবিকদের সংযুক্ত আরব আমিরাতে ট্রানজিট ভিসা, ক্রু পরিবর্তন ভিসা, শোর পাস ও এন্ট্রি ক্লিয়ারেন্স প্রাপ্তির জটিলতা নিয়ে আলোচনা করা হয়। এসব সমস্যা সমাধানে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের কনস্যুলেটের মাধ্যমে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

এ ছাড়া সভায় ২০২৮ সালের আইএমও মেম্বার স্টেট অডিট স্কিমের (আইএমএসএস) প্রস্তুতি, ২০১৭ সালের অডিটের অগ্রগতি এবং জাতীয় প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন নিয়ে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে হংকং কনভেনশন বাস্তবায়ন, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প, কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে ডেটাবেজ ও তদারকি পরিকাঠামো গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনার বিষয়টি উঠে আসে।

দেশের সামুদ্রিক খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে একটি সমন্বিত ‘মেরিটাইম পলিসি’ প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর সমন্বয়ের আহ্বান জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad