অনুদানে বাণিজ্যিক বা অবাণিজ্যিক এ বিভাজনে সরকার যেতে চায় না: উপদেষ্টা

অনুদানে বাণিজ্যিক বা অবাণিজ্যিক এ বিভাজনে সরকার যেতে চায় না: উপদেষ্টা
মঙ্গলবার বিএফডিসির সংস্কারকৃত ঝর্ণা স্পট উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি : বাসস
Advertisement
Advertisement

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) একসঙ্গে উদ্বোধন হলো বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত ডিজিটাল সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পট। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিএফডিসিতে উপস্থিত হয়ে এসব কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তৃতায় মাহফুজ আলম বলেন, বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই তার স্বপ্ন। সেই লক্ষ্য অর্জনে গুণগতমানসম্পন্ন কনটেন্ট নির্মাণের বিকল্প নেই। দেশীয় ও আঞ্চলিক ভাষা-সংস্কৃতির ভিত্তিতে দর্শকের প্রত্যাশা অনুযায়ী সিনেমা তৈরি করা গেলে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্ব দরবারে সম্মানিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, পরিস্থিতি বিবেচনায় প্রতিটি বড় শহরে আধুনিক সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি চলচ্চিত্রে অনুদানের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ভালো সিনেমাকে অনুদান দেওয়া হবে, তা বাণিজ্যিক বা অবাণিজ্যিক—এই বিভাজনে সরকার যেতে চায় না।

চলচ্চিত্র শিল্পে একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মাহফুজ আলম বলেন, স্ক্রিপ্টিং থেকে শুরু করে প্রযোজনা ও পরিবেশন ব্যবস্থা একটি কাঠামোর মধ্যে আনা হবে। তিনি জানান, ভবিষ্যতে শুটিংয়ের মূল কার্যক্রম হবে কবিরপুর প্রস্তাবিত ফিল্ম সিটিতে, আর বিএফডিসিকে গবেষণা ও কারিগরি কাজের কেন্দ্রে রূপান্তর করা হবে। সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) ফিল্ম সিটি নির্মাণের উদ্যোগ এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, চিত্রনায়ক বাপ্পারাজসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। স্বাগত বক্তব্যে মাসুমা রহমান বলেন, চলচ্চিত্র নির্মাণকে সহজ ও আধুনিক করাই বিএফডিসির লক্ষ্য। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে শেষ হয় পুরো আয়োজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad