ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বুধবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে, নির্কাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ বিকাল ৪টায় রেকর্ড করা হয়।
এদিন দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার। পরে নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব।
তিনি বলেন, ‘বিকাল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। সিইসি ও অন্য কমিশনাররা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে তফসিল কখন ঘোষণা করবেন, সে সিদ্ধান্ত নেবেন। এখনও সে দিন নির্দিষ্ট হয়নি।’
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে ইসি সচিব বলেন, ‘নির্বাচন প্রস্তুতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপতিকে আমরা হালনাগাদ তথ্য জানিয়েছি। সেই সঙ্গে ভোটার তালিকা হালনাগাদের অগ্রগতি, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন, ব্যালট পেপারের নকশা, রং এবং কীভাবে ভোটারদের হাতে এটি পৌঁছাবে-এসব প্রক্রিয়াও রাষ্ট্রপতিকে জানানো হয়েছে।’
এ ছাড়া, নির্বাচনের সময় এক ঘণ্টা বাড়ানোর বিষয়েও রাষ্ট্রপতিকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব।


