জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘অতীতে আমাদের সঙ্গে যা কিছু হয়েছে, আমরা দলের পক্ষ থেকে তা মাফ করে দিয়েছি। আমরা প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াব না, এই প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই কথা আমরা রেখেছি।’
মঙ্গলবার রাত ১০ টার দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বিশ্বাস করে। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে চায় দলটি।
জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে মুকসুদপুর বাসস্ট্যান্ড মোড় এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও এপিবিএন সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়।
পথসভা শেষে রাতেই ঢাকার উদ্দেশে যাত্রা করেন শফিকুর রহমান।


