ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘হাদি হত্যাকাণ্ডকে ঘিরে স্বৈরাচারের দোসরদের সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে। দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র ও নির্বাচনের পথ রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তবে এ ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।’
শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের সমাবেশের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হবে–দেশের বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র দানা বাঁধতে পারবে না। গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব অপচেষ্টা ব্যর্থ হবে।’
তিনি আরও বলেন, ‘নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। তারেক রহমানের ফেরার দিনে লাখো মানুষের সমাবেশ হবে। সেই সমাবেশ থেকে দেশের বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্র ব্যর্থ করার দৃঢ় ঘোষণা দেওয়া হবে।’
এ সময় গণমাধ্যমকর্মীদের আরেক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপির বাকি ২৮টি আসনের মনোনয়ন নিয়ে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে।


