সপ্তাহের সব কার্যদিবসেই সশরীরে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন আইনজীবীরা।
এ দাবিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করা হয়। মানবন্ধনে সুপ্রিম কোর্টে সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।
এ সময় আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে জানানো হয়েছে দেশে কোনো জ্বালানির সংকট নেই। অথচ জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে ভার্চ্যুয়ালি কোর্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারকে হেয় করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা গভীর ষড়যন্ত্র।
আইনজীবীরা অবিলম্বে ভার্চ্যুয়ালি কোর্ট পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান। এ সময় আইনজীবীরা ভার্চ্যুয়ালি কোর্ট প্রত্যাহারের দাবিতে নানান স্লোগান দেন। দুই শতাধিক আইনজীবী মানবন্ধনে অংশ নেন।
এ সময় বক্তব্য দেন একেএম জগলুল হায়দার আফ্রিক, তৈমুর রহমান খন্দকার, সৈয়দ মামুন মাহবুব, মোকছেদুল ইসলাম, সরোয়ার হোসেন, ইয়ারুল ইসলাম, মোহাম্মদ আলী, আনিসুর রহমান রায়হান, আশরাফুল ইসলাম, মাহবুবুর রহমান খান প্রমুখ।
বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনা করা হবে বলে সিদ্ধান্ত জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালিত হবে। রোববার থেকে মঙ্গলবার শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলবে। এই নির্দেশনা ২২ এপ্রিল থেকে কার্যকর হবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।


