বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর ইসলাম।
হলফনামায় তথ্যের অসঙ্গতি এবং নোটারী পাবলিকের কাগজে স্বাক্ষরের তারিখে গড়মিল থাকায় মনোনয়নপত্রটি বাতিল করা হয়। শুক্রবার বিকাল ৪টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মনোনয়ন যাছাই বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
এই আদেশের বিরুদ্ধে আপত্তি থাকলে আপিল করার পরামর্শও দেন তৌফিকুর ইসলাম। এর আগে জুলাই আন্দোলনে মামলার আসামীসহ পলাতক থাকায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন তিনি।
এ আসনে অন্যান্য বৈধ প্রার্থীরা হলেন মীর শাহে আলম (বিএনপি), মাওলানা আবুল আজাদ মো. শাহাদাতুজ্জামান (জামায়াতে ইসলামী), মো. জামাল উদ্দীন (ইসলামী আন্দোলন)। বগুড়া-২ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এছাড়াও বাতিল করা হয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নপত্র।


