কক্সবাজারের মহেশখালীতে চোর ধরতে গিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।
অভিযোগ ছিল, রহমত উল্লাহ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় দোকান ও বসতবাড়িতে চুরি করে আসছিলেন। শুক্রবার রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গেলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে রহমত উল্লাহ জানান, চুরি করা মালামাল কয়েকজনের কাছে জমা রাখতেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালায় পুলিশ।
অভিযানের একপর্যায়ে একটি বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এ সময় রহমত উল্লাহকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়।
অভিযানে খাটের নিচ থেকে বন্দুকের বাট, ট্রিগার, ব্যারেলের অংশ, স্প্রিংসহ বিভিন্ন অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ ছাড়া ড্রিল মেশিন, গ্রাইন্ডার, করাতসহ বিপুল সরঞ্জাম পাওয়া যায়।
পুলিশের দাবি, আটক ব্যক্তি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহমত উল্লাহ চুরি ও অস্ত্র তৈরির কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় মহেশখালী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


