যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অন্তত তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বাংলাদেশি রয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বাকি দুজনের মধ্যে একজন পাকিস্তানি এবং অন্যজন নেপালি।
তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।
আহতদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলে ইউএই লেবার্সের ফেসবুক পেজে জানানো হয়েছে।
বাংলাদেশি ছাড়াও আহতদের মধ্যে আমিরাতি, মিশরীয়, ফিলিপিনো, ইথিওপীয়, পাকিস্তানি, ইরানি, আফগান, ভারতীয়, শ্রীলঙ্কান, লেবানিজ, ইয়েমেনি, উগান্ডান এবং আজারবাইজানি নাগরিক রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের অধিকাংশেরই আঘাত সামান্য এবং তাদের সকলকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।
মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলা হয়, ‘মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’


