জবি ও বাহাদুর শাহ পার্ক এলাকার আশেপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জবি ও বাহাদুর শাহ পার্ক এলাকার আশেপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও এর সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা ও বাহাদুর শাহ পার্কের চারপাশ থেকে অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসময় দোকানপাটের ভাঙা অংশ ময়লার গাড়িতে করে সরিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার ডিএসসিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও সহযোগিতা করেন।

দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনার কারণে শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছিল। সেই সঙ্গে একাডেমিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এলাকাজুড়ে মাদক ব্যবসা বাড়ছিল বলেও অভিযোগ ছিল শিক্ষার্থীদের।

এসব সমস্যার সমাধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) যৌথ সভার আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় প্রশাসন দক্ষিণ সিটির প্রশাসকের কাছে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়।

আরও পড়ুন

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী আহাদ বলেন, ‘বাহাদুর শাহ পার্ক পুরান ঢাকার বাসিন্দা এবং আশপাশের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাণকেন্দ্র। অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় পার্ক তার আগের রূপ ফিরে পাবে এবং এলাকাজুড়ে যানজটও কমে যাবে।’

কবি নজরুল কলেজের শিক্ষার্থী রিয়াদ হোসাইন জানান, কলেজ গেট ও আশপাশে রাস্তা দখল করে দোকান বসানোর কারণে নিয়মিত যানজট তৈরি হতো।

তিনি বলেন, ‘একটি কলেজের সামনে এ ধরনের পরিবেশ মানানসই নয়। তাই এ উদ্যোগ প্রশংসনীয়।’

অভিযান চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, সহকারী প্রক্টরসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad