লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বাংলাদেশ সরকার, লিবিয়ায় বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ উদ্যোগে পরিচালিত স্বেচ্ছায় প্রত্যাবর্তন কর্মসূচির আওতায় তারা দেশে ফেরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তারা জানান, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় এই প্রত্যাবর্তন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ফিরে আসা ব্যক্তিদের অধিকাংশই মানবপাচারকারীদের মিথ্যা প্রলোভনে পড়ে অবৈধ পথে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের লিবিয়া হয়ে সমুদ্রপথে ইউরোপে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।
লিবিয়ায় অবস্থানকালে তাদের অনেকেই অপহরণ, নির্যাতন এবং বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা ফিরে আসা বাংলাদেশিদের স্বাগত জানান। পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্য সহায়তা, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা দিয়েছে।
ফিরে আসা ব্যক্তিরা যেন নিজেদের ভয়াল অভিজ্ঞতার কথা অন্যদের জানান এবং অবৈধ অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি করেন তার জন্য আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কর্মকর্তারা আরও জানান, লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে থাকা অন্য বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।


