রাজধানীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে মাসজুড়ে চালানো বিশেষ অভিযানে ৫৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জুন মাসের এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির মাসিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে অস্ত্র ও মাদকসংক্রান্ত মোট ৩৬৩টি মামলায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ৯টি মামলায় ১৬ জন গ্রেপ্তার হয়েছে। উদ্ধার করা হয়েছে চারটি বিদেশি পিস্তল, ৮৮ রাউন্ড গুলি, সাতটি ম্যাগাজিন ও ২০টি দেশীয় অস্ত্র। রাজধানীতে অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিরোধ ও সন্ত্রাসী কার্যক্রম দমনে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিত অভিযান পরিচালনা করছে।
মাদকবিরোধী অভিযানে ৩৫৪টি মামলা রুজু করে ৫৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে সবচেয়ে বেশি ছিল ২ লাখ ৩৩ হাজার ৪১২ পিস ইয়াবা। মাদকদ্রব্যের তালিকায় আরও রয়েছে ৪০৭ কেজি ২৮১ গ্রাম গাঁজা, ২ কেজি ৯০৯ গ্রাম হেরোইন, ৩১৯ বোতল ফেনসিডিল, ৭৬ বোতল বিদেশি মদ, ৩ লিটার দেশি মদ, ২৪ লিটার ৭০ মিলিলিটার চোলাই মদ, ৩৪ ক্যান ও ৪ বোতল বিয়ার, ৭৪ পিস ট্যাপেন্টাডল সঙ্গে ১৪৪ বোতল ইস্কার্ফ।
ডিএমপি জানায়, রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


