শরীয়তপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় তিন সাংবাদিকের ওপর হামলা এবং পরে এক সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। একই সঙ্গে এমন ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এইচআরএসএস জানায়, ২৫ আগস্ট শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় ডেইলি স্টারের শরীয়তপুর ও মাদারীপুর প্রতিনিধি জাহিদ হাসান রনি, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বিধান মজুমদার অনি এবং দৈনিক এদিন-এর প্রতিনিধি বরকত উল্লাহ হামলার শিকার হন।
সাংবাদিকদের অভিযোগ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লাসহ কয়েকজন তাদের ওপর হামলা করেন। পরে এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে একজন সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।
এইচআরএসএস বলেছে, সাংবাদিকদের ওপর হামলা, পেশাগত দায়িত্ব পালনে বাধা, সংবাদ সংগ্রহের সরঞ্জাম ছিনিয়ে নেওয়া বা ফুটেজ মুছে ফেলতে বাধ্য করা এবং ভয়ভীতি বা হুমকি দেওয়া মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত।
সংগঠনটির মতে, কোনো সংবাদ বা প্রতিবেদন নিয়ে আপত্তি থাকলে আইনসম্মত ও শান্তিপূর্ণ প্রতিবাদ, সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের কাছে অভিযোগ কিংবা আইনগত প্রক্রিয়ার আশ্রয় নেওয়াই গ্রহণযোগ্য পথ। হামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন বা জবরদস্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিশেষ করে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের পক্ষ থেকে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বা হুমকির অভিযোগ উঠলে তা শুধু সংশ্লিষ্ট সাংবাদিকের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে না, বরং অন্য সাংবাদিকদের মধ্যেও ভীতি ও আত্মনিয়ন্ত্রণের পরিবেশ তৈরি করতে পারে বলে মনে করে এইচআরএসএস। এতে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জনগণের তথ্যপ্রাপ্তির অধিকারও ক্ষুণ্ন হয়।
এইচআরএসএস’র দাবিগুলোর মধ্যে রয়েছে—শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করা, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে রাজনৈতিক পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে জড়িতদের আইনের আওতায় আনা এবং হামলার শিকার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।
এ ছাড়া সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি ও সহিংসতার বিরুদ্ধে সরকারকে জিরো-টলারেন্স নীতি গ্রহণ এবং রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বকে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের অধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে নেতা-কর্মীদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এইচআরএসএস বলেছে, সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনায় দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে প্রতিটি ঘটনার স্বচ্ছ তদন্ত, জবাবদিহি ও কার্যকর বিচার নিশ্চিত করা জরুরি। সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা শুধু একজন পেশাজীবীকে সুরক্ষা দেওয়ার বিষয় নয়; এটি জনগণের জানার অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভকে সুরক্ষা দেওয়ার বিষয়।


