জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিরোধীদলীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালীন দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে সাতক্ষীরা-৩ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য আকস্মিক অসুস্থতা বোধ করেন।
সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়লে স্পিকার তাৎক্ষণিকভাবে তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের নির্দেশ দেন। পরবর্তীতে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে স্থানান্তর করা হয়। সেখানে দায়িত্বরত সংসদের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এদিকে, সংসদের জোহরের নামাজের বিরতি চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি সংসদ লবিতে যান। তিনি সেখানে চিকিৎসাধীন সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর লবিতে অবস্থানের সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।


