ভোলার লালমোহনে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার তোরাবগঞ্জ ও দেবীরচর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
মৃত শিশুরা হলো দেবীরচর এলাকার মো. জামশেদের মেয়ে জাইমা ও তোরাবগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে শাহাদাত।
স্বজনরা জানান, সকালে উভয় শিশুর পরিবারের সদস্যরা নিজ নিজ ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অগোচরে দুই শিশু নিজ বাড়ির বাইরে বের হয়ে যায়। পরে তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে নিজ নিজ বসতঘরের পাশের পুকুরে তাদের ভাসতে দেখা যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।


