ঘূর্ণিঝড় লালার আঘাতে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের এক লাখ ৮৩ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১৫৫ বছর পর ‘লালা’ হাওয়াইয়ে প্রথম সরাসরি আঘাত হানা ঘূর্ণিঝড় হতে পারে। অবশ্য দ্বীপপুঞ্জে আছড়ে পড়ার আগে ঝড়টি শক্তি হারিয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়।
হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন রোববার জানান, ঝড়ের কবলে গাড়ি দুর্ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
রয়টার্সের খবরে বলা হয়, বিদ্যুৎ বিভ্রাটের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থার হিসাবে, স্থানীয় সময় রোববার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত হাওয়াইজুড়ে এক লাখ ৮৩ হাজার ১২৩ জন গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন।
অঙ্গরাজ্যের কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানান, ঝড়ের তীব্রতা কমে আসায় এরইমধ্যে বেশকিছু এলাকায় সংযোগ পুনঃস্থাপিত করা হচ্ছে। সবচেয়ে জনবহুল দ্বীপ ওহাউতে বিদ্যুৎবিচ্ছিন্ন গ্রাহকের সংখ্যা রোববার সকালে দুই লাখ ২০ হাজারের বেশি থেকে কমে প্রায় এক লাখ ৩০ হাজারে নেমে আসে।
জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্রের সবশেষ তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার দুপুর ২টায় লালা ঘণ্টায় প্রায় ২০ মাইল (৩১ কিলোমিটার) গতিতে দক্ষিণ-পশ্চিম দিকে কাওয়াই কাউন্টির দিকে এগোচ্ছিল। তখন এর সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ৬৫ মাইল, যা ঘূর্ণিঝড়ের ন্যূনতম সীমা ঘণ্টায় ৭৩ মাইলের চেয়ে কিছুটা কম।
কাওয়াই কাউন্টিতে ক্রান্তীয় ঝড়ের সতর্কতা বহাল ছিল। তবে রোববার এর আগে মাউই ও ওহাউ কাউন্টির জন্য জারি করা সতর্কতা তুলে নেওয়া হয় বলে জানিয়েছে জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র।
আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি প্রত্যাশিত গতিপথে থাকলে স্থানীয় সময় সোমবার সকাল ৮টার মধ্যে হাওয়াই দ্বীপপুঞ্জ ছেড়ে চলে যাবে।
হাওয়াইয়ান ইলেকট্রিক শনিবার সন্ধ্যায় গ্রাহকদের সতর্ক করে জানিয়েছিল, ঘূর্ণিঝড়ের শক্তিশালী বাতাসে গাছ উপড়ে পড়া এবং বৃষ্টির পানিতে সড়ক ডুবে যাওয়ায় বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ ব্যাহত হচ্ছে।
এক সরকারি কর্মকর্তা জানান, লালার আঘাতে হাওয়াইয়ের বিভিন্ন এলাকায় এমন আকস্মিক বন্যা দেখা দিয়েছে, যা দ্বীপপুঞ্জে ‘আগে কখনো দেখা যায়নি’। অঙ্গরাজ্যের জন্য বিরল এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের পূর্ব অভিজ্ঞতা না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।
রোববার সকালের এক সংবাদ সম্মেলনে এক কর্মকর্তা বলেন, ‘এটি সমুদ্রসৈকতে ঘুরতে যাওয়ার দিন নয়। নিজ নিজ অবস্থানে নিরাপদে থাকুন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন।’

হাওয়াই পরিবহন বিভাগ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বন্যার পানিতে বেশিরভাগ সড়ক তলিয়ে গেছে।
জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, দুটি বাড়ি পানির তোড়ে ভেসে গেছে। রোববার সকাল পর্যন্ত প্রায় ১১৭ বাসিন্দা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।
হাওয়াই পরিবহন বিভাগ জানিয়েছে, অঙ্গরাজ্যের সব বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। তবে যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে সবশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে (হাওয়াই দ্বীপে) ১৫৫ বছর আগে ১৮৭১ সালের ৯ আগস্ট একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সরাসরি আঘাত হানে বলে নথিভুক্ত আছে। এটি ক্যাটাগরি–৩ মাত্রার ঘূর্ণিঝড় ছিল বলে ধারণা করা হয়। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, ওই ঝড়টি বিগ আইল্যান্ডের উত্তর-পূর্ব অংশে আঘাত করেছিল এবং এটি ছিল দ্বীপটিতে নথিভুক্ত প্রথম সরাসরি বড় ঘূর্ণিঝড়ের আঘাত।


