মাদারীপুরের কালকিনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারধর ও জীবননাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ আব্দুল মান্নান বেপারী (৭৯) বাদী হয়ে কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বেপারীর সঙ্গে একই এলাকার নাদিরা সুলতানা (৩৫), আরিফুল ইসলাম বাবু বেপারী (৪০), সাজ্জাদ হোসেন (২৭) ও হান্নান মিয়ার (৬৫) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন।
ঘটনার বিবরণে জানা গেছে, গত ১২ আগস্ট দুপুরে আব্দুল মান্নান বেপারীর বসতবাড়ির সামনের ডোবা দিয়ে ভেসে যাওয়া একটি গাছের গুঁড়ি তুলতে যান গৃহপরিচারিকা মঞ্জিলা বেগম। এ সময় বিবাদীরা ঘটনাস্থলে এসে তার ওপর চড়াও হয় এবং অন্যায়ভাবে মারধর করে আহত করে। পরে মান্নান বেপারীর পরিবারের লোকজন এগিয়ে এলে বিবাদীরা পরিবারটিকে হত্যা ও মিথ্যা নারী নির্যাতন মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে চলে যায়।
অভিযোগের বিষয়ে বিবাদী নাদিরা সুলতানার মা ফাহিমা বেগম জানান, জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং আদালতের রায় তারা মেনে নেবেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


