রাজধানীর পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী স্টেডিয়ামে ১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার প্লেট পর্ব। পোলার আইসক্রিমের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের আসরের বিশেষত্ব হলো প্রথমবারের মতো হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ফুটবলে এ নিয়ম চালু থাকলেও স্কুল হ্যান্ডবলে এবারই প্রথম এমন আয়োজন হতে যাচ্ছে।
প্লেট পর্বের খেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে কাপ পর্ব। এ দুই পর্ব মিলিয়ে বালক ও বালিকা বিভাগে মোট ২৬টি স্কুল মাঠে নামছে।
প্লেট পর্বে বালক বিভাগে থাকছে ১৬টি দল। চারটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো লড়বে সেমিফাইনাল ও ফাইনালে ওঠার টিকিটের জন্য।
ক গ্রুপে রয়েছে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, বিসিআইসি কলেজ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল।
খ গ্রুপে খেলবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও নৌবাহিনী কলেজ ঢাকা।
গ গ্রুপে মাঠে নামবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (মহাখালী), বিএএফ শাহীন হাজী আশরাফ আলী স্কুল, মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (মতিঝিল)।
ঘ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল ও মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
বালিকা বিভাগেও জমজমাট লড়াইয়ের আভাস। ক গ্রুপে খেলবে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ (বনানী) এবং সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ (মালিবাগ)।
খ গ্রুপে থাকছে বিএএফ শাহীন হাজী আশরাফ আলী স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও নৌবাহিনী কলেজ ঢাকা।
প্লেট পর্ব শেষে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
এরপর কাপ পর্বে সরাসরি যুক্ত হবে গত আসরের সেরা ছয় দল। বালক বিভাগে খেলবে সানিডেল, সেন্ট গ্রেগরি ও নারিন্দা উচ্চ বিদ্যালয়। অন্যদিকে বালিকা বিভাগে মাঠে নামবে সানিডেল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ। গত আসরের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারী দল হিসেবেই তারা সরাসরি কাপ পর্বে সুযোগ পাচ্ছে।
প্রতিযোগিতাকে ঘিরে সোমবার হ্যান্ডবল ফেডারেশনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব সাঈদ আহমেদ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তারা।


