সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে পাঁচটি নৌকা থেকে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা।
রোববার রাত ১১টার দিকে মালঞ্চ নদীর চালতেবেড়ি ও সুবদে খাল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। বনদস্যুরা নিজেদের ‘নানা ভাই ওরফে ডন বাহিনী’র সদস্য পরিচয় দিয়েছে।
অপহৃত জেলেরা হলেন শ্যামনগরের দক্ষিণ কদমতলীর কুলতলী এলাকার ইয়াছিন খাঁ (৩২) ও আলমগীর খাঁ (৩৮), হরিনগরের আল আমিন মোল্লা (৩৫), কামরুল গাজী (৫০), শাহজাহান গাজী (৪৮) ও খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের শহীদুল গাজী (৪৬)।
অপহৃত প্রতি জেলের জন্য ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। সোমবার বিকাল ৩টার মধ্যে টাকা না দিলে তাদের হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় দস্যুরা।
এ সময় হামলায় ইসমাইল খাঁ নামে এক জেলে গুরুতর আহত হয়েছেন। তাকে দুপুরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইসমাইল শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলীর কুলতলী এলাকার গণি খাঁর ছেলে।
স্বজনরা জানিয়েছেন, কদমতলা স্টেশন থেকে কাঁকড়া ধরার পাস নিয়ে পাঁচটি নৌকায় ১৮ জন জেলে সুন্দরবনে যান। পহেলা জুন থেকে সুন্দরবনে সরকারি নিষেধাজ্ঞা শুরু হওয়ায় সোমবার সকালে তাদের বাড়ি ফেরার কথা ছিল। রোববার রাতে তারা মালঞ্চ নদীতে অবস্থানের সময় সশস্ত্র দস্যুরা হানা দেয়। তারা ছয়জনকে অপহরণ করে একটি বিকাশ নম্বরে মুক্তিপণের টাকা পাঠাতে বলে। বাধা দেওয়ায় ইসমাইল খাঁকে নৌকার বইঠা দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় দস্যুরা।
কদমতলা স্টেশন কর্মকর্তা (এসও) মনিরুল করিম জানান, বিষয়টি তার জানা নেই।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


