রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর, লুটপাট এবং ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার আরও ছয়জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন শাহাদাত হোসেন, কাজী মকবুল হোসেন, শাহ আলম, আতিকুর রহমান, কামরুল ইসলাম ও শাকিল।
এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার এসআই আতোয়ার রহমান।
আসামিদের পক্ষে আইনজীবী মুহাম্মদ এমরান জামিনের আবেদন করেন। তিনি সোমবার জামিন শুনানির জন্য সময় চান। পরে আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন।
এর আগে শনিবার সোহেল (২২), জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও রাব্বি (২০) নামে আরও চারজনকে কারাগারে পাঠানো হয়।
যেভাবে হামলা ও লুটপাটের অভিযোগ
মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতে একদল লোক হাতুড়ি, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তারা নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার ও আব্দুল হাইকে মারধর করে বেঁধে রাখে।
পরে হামলাকারীরা ভারী যন্ত্রপাতি ও এক্সকেভেটর দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলে। এর মধ্যে পরিবার পরিকল্পনা সেবার একটি ভবন এবং ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত ভবনও ছিল।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা বিভিন্ন কক্ষের আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর করে। আল্ট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের দরজা-জানালা ভাঙচুর করা হয়। পরে বিভিন্ন ওষুধ ও চিকিৎসাসামগ্রী, আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, প্রিন্টার, ফ্রিজ, এসি ও স্টিলের আলমারি নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, নৈশপ্রহরীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে হামলাকারীরা ঘটনাস্থলে একটি সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড লাগিয়ে চলে যায়। সংস্থাটির অভিযোগ, হামলার সময় অফিস ও টিকাদান কার্যক্রমের বিপুল পরিমাণ সামগ্রী লুট করা হয়েছে।
২০০-২৫০ জনের বিরুদ্ধে মামলা
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ভাষ্য, প্রতিষ্ঠানটি সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।


