টানা কয়েকদিনের ভারী বর্ষণে যশোর শহরের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার নগরবাসী। এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘আফসার ফাউন্ডেশন’।
শনিবার দিনব্যাপী যশোর শহরের শংকরপুর, রেল স্টেশন ও ভাঙ্গারীপট্টি এলাকায় জলাবদ্ধতার কারণে রান্নাবান্না করতে না পারা ও পানিবন্দী অবস্থায় থাকা প্রায় দেড় হাজার মানুষের মাঝে রান্না করা পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন আফসার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাবিয়া সুলতানা, প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল হোসেন টনি এবং সাধারণ সম্পাদক হাসিবুর রহমান।
এ সময় অসহায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য কামরুজ্জামান খান মিলন, সাইফুল ইসলাম, মো. আপন, মাসুদুর রহমান, বাপ্পি।
আফসার ফাউন্ডেশনের নেতারা জানান, শহরের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশার কারণে সামান্য বৃষ্টিতেই বাসাবাড়িতে পানি উঠে গেছে। বহু পরিবার গত কয়েকদিন ধরে ঠিকমতো রান্নাবান্না পর্যন্ত করতে পারছে না। এই সংকটে মানবিক দায়িত্ববোধ থেকেই তারা পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন।
আগামীতেও যেকোনো সামাজিক ও প্রাকৃতিক দুর্যোগে আফসার ফাউন্ডেশনের এমন মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা।


