অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে পানিবন্দি হয়ে পড়া মানুষের দুর্ভোগ লাঘবে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার চট্টগ্রামের পতেঙ্গা থানার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে নৌবাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সহায়তা দেন। এ সময় বিজয়নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা, নারিকেলতলা ও নেভি হাসপাতাল গেট এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
পানিবন্দি পরিবারগুলোর মাঝে নৌবাহিনীর পক্ষ থেকে দুই হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। দুর্যোগ পরিস্থিতিতে মানবিক দায়িত্বের অংশ হিসেবে নৌবাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেন।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত নৌবাহিনীর এ মানবিক কার্যক্রম চলমান থাকবে।
দুর্যোগকবলিত মানুষের উদ্ধার, ত্রাণ সহায়তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


