দেশের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে উদ্ভাবনী অবদানের স্বীকৃতি হিসেবে লিড নেশন একাডেমির প্রতিষ্ঠাতা মীর হাসিব মাহমুদ জাতীয় এমএসএমই অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা উদ্ভাবনী উদ্যোক্তা’ সম্মাননায় ভূষিত হয়েছেন।
শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ক্ষুদ্র, কুটির, মাঝারি ও উদ্ভাবনী উদ্যোক্তাদের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।
মীর হাসিব মাহমুদের নেতৃত্বে পরিচালিত লিড নেশন একাডেমি বর্তমানে দেশের অন্যতম দ্রুত বিকাশমান দক্ষতাভিত্তিক শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠান। তরুণদের বাস্তবমুখী দক্ষতা অর্জন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নেতৃত্ব বিকাশ এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রশিক্ষণ, পরামর্শ প্রদান, পেশাগত উন্নয়ন কর্মসূচি, নতুন ব্যবসা গড়ে তোলার সহায়তা এবং শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক কার্যক্রমে দেশের শীর্ষস্থানীয় করপোরেট কর্মকর্তা, উদ্যোক্তা, ব্যাংকার, শিক্ষাবিদ ও শিল্প বিশেষজ্ঞরা যুক্ত রয়েছেন।
লিড নেশন একাডেমির অন্যতম লক্ষ্য হলো দেশের তরুণদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতায় গড়ে তোলা, নতুন উদ্যোক্তা সৃষ্টি করা এবং শিক্ষা, শিল্প ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা, উদ্যোক্তা বিকাশ কর্মসূচি এবং উদ্ভাবনী উদ্যোগে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
সম্মাননা পাওয়া নিয়ে মীর হাসিব মাহমুদ বলেন, এই অর্জন শুধু তার ব্যক্তিগত নয়; বরং লিড নেশন একাডেমির পুরো দল, সম্মানিত পরামর্শক, সহযোগী প্রতিষ্ঠান এবং হাজারো শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। তিনি বলেন, দক্ষতা, উদ্ভাবন এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে বাংলাদেশের তরুণরাই আগামী দিনের অর্থনীতি ও উন্নয়নের প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।
তিনি জানান, ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় লিড নেশন একাডেমির কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা বিকাশ, গবেষণা, উদ্ভাবন এবং শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে বিশ্বমানের শিক্ষা ও উদ্ভাবনের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে।


