ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল। তলিয়ে গেছে বহু বাড়িঘর। বাড়ছে নিহতের সংখ্যা। এমন প্রাকৃতিক দুর্যোগে হতাহতদের প্রতি শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে শোকবার্তা দিয়েছে বিসিবি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালকে (ক্যান) মেনশন দিয়ে ফেসবুকে একটি ফটোকার্ডও প্রকাশ করেছে তারা।
ক্যাপশনে বিসিবি লিখেছে, ‘এই গভীর শোকের সময়ে নেপালের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
শোকের প্রতীক হিসেবে ফটোকার্ডে ব্যবহার করা হয়েছে কালো ব্যাজ। সেখানে লেখা, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর অত্যন্ত হৃদয়বিদারক। এই কঠিন সময়ে নেপালের জনগণ ও আমাদের বন্ধু ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের জন্য দোয়া করছি।’
হ্যাশট্যাগে বিসিবি লিখেছে, ‘নেপালের জন্য দোয়া।’
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেপালের দুর্যোগের ভয়াবহ সব দৃশ্য। এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদও ফেসবুক স্টোরিতে নেপালের মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তাসকিন গতকাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘নেপালের হৃদয়বিদারক দৃশ্য। যাঁরা এখনো বিপদে আছেন, সৃষ্টিকর্তা যেন তাদের রক্ষা করেন। নেপালের জন্য দোয়া করুন।’
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ২৭৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ প্রায় ১ হাজার ৫০০ জন।
গতকাল হিমালয়ের একটি নদীতে পাহাড়ের মাটি ও পাথরের বিশাল অংশ ধসে পড়ে। এরপর সৃষ্টি হয় ভয়াবহ বন্যা। প্লাবিত হয় বিভিন্ন শহর ও উপত্যকা। পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়।


