চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
সোমবার দুপুরে দেওয়া তালা ঝুলছিল বিকাল ৮টায় অফিস সময় শেষ হওয়া পর্যন্ত। তবে তখন ইউএনও তার কার্যালয়ে ছিলেন না। এ সময় অন্যান্য কর্মকর্তাদেরও কার্যালয় থেকে বের করে দেওয়া হয় বলে জানা গেছে।
নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের চূড়ান্ত ফলাফল সোমবার প্রকাশ করা হয়। এতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীরা নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে নিয়োগ বাতিলের দাবি জানান। একপর্যায়ে তারা কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। একই সময়ে উপজেলা সমাজসেবা ও সমবায় কার্যালয়েও তালা দেওয়া হয়।
আবু তাহের খোকন আরও বলেন, তথ্য সংগ্রহের দায়িত্বে আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীরা নিয়োগ পেলে ফ্যামিলি কার্ডের কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিরও সুযোগ তৈরি হতে পারে। এ কারণে তারা ওই নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, দুপুরে বিএনপির নেতাকর্মীরা ইউএনও কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এর কিছুক্ষণ পর তারা চলে যান।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


